অসুস্থ রেখা পাত্র, বিষক্রিয়ার কারণ নিয়ে ধোঁয়াশা

হঠাৎ অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, সেই সময় লাগাতার বমি শুরু হলে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে শেষ পর্যন্ত কলকাতার রবীন্দ্রনাথ টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে এবং চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
রেখা পাত্রের অসুস্থতার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে শরীরে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষক্রিয়া কীভাবে ঘটল, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও মেলেনি। লেবুখালীর বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত কোনো রাসায়নিকের সংস্পর্শে আসা নাকি খাবারের মাধ্যমে কোনো বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের দাবি, ঘটনার সব দিক খতিয়ে দেখা প্রয়োজন এবং প্রকৃত কারণ জনসমক্ষে আসা জরুরি।
বিধায়কের দিদি রেবা নস্কর জানিয়েছেন, রেখা পাত্রের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন। চিকিৎসকদের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনায় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও পরিবারের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সন্দেশখালির অপর প্রতিবাদী মুখ পিয়ালী দাসও বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন। গোটা বিষয়টি নিয়ে এখন তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।