বাংলাদেশি সন্দেহে কুলতলি থেকে আটক ব্যক্তি, শুরু হয়েছে তদন্ত

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে এনামুল মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কুলতলি থানার পুলিশ গোপালগঞ্জ এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মোট পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নথিপত্র যাচাইয়ের পর এনামুলকে আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির আদি বাড়ি বাংলাদেশের খুলনায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল বেশ কয়েক বছর আগে বসিরহাট থেকে কুলতলিতে এসে বসবাস শুরু করেন। সেখানে বিয়ে করে তিনি স্থায়ীভাবে সংসার পেতেছেন এবং বর্তমানে তাঁর তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তিনি টোটো চালিয়ে সংসার চালাতেন। দীর্ঘ সময় ধরে এলাকায় বসবাস করলেও তাঁর নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।
আটক এনামুলের দাবি, ৪০ বছরেরও বেশি সময় আগে আট বছর বয়সে তিনি বাংলাদেশে থেকে ভারতে এসেছিলেন। প্রথমে বসিরহাটের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, ভারতে আসার পর ভোটার তালিকায় তাঁর নামও উঠেছিল। তবে দীর্ঘদিনের বসবাস বা ভোটার তালিকায় নাম থাকলেই নাগরিকত্ব নিশ্চিত হয় না। তাই তিনি কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁর কাছে বর্তমানে কী কী বৈধ নথি রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।