ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলিতে ফসলের ব্যাপক ক্ষতি, ধান কেনার দাম ও নিয়ম জানাল প্রশাসন

গত ১৯ তারিখের ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি জেলায় ২৬ হাজার ৯৫৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ২৬ হাজার ৬৪ হেক্টর, সর্ষে ১৭২ হেক্টর, মসুর ডাল ৭০৭ হেক্টর এবং ১৫ হেক্টর জমির ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোঘাট ১ ও ২, আরামবাগ এবং খানাকুল ১ ও ২ ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ১৪৪৪৭ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ৭০৬৫৫১৪৪৪৭ চালু করা হয়েছে। এছাড়া পিএমএফবিওয়াই পোর্টালের মাধ্যমেও নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৬ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। ব্লক স্তরে বিডিওদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সরকারিভাবে আগামী ১ ডিসেম্বর থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। হুগলি জেলায় মোট তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে।
ধান বিক্রির জন্য কৃষকদের ই-প্যাডি পোর্টালে কেওয়াইসি ও বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ নাম নথিভুক্ত করতে হবে। প্রতিটি কৃষক পরিবার থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান কেনা হবে। প্রতি কুইন্টাল ধানের সরকারি দাম ২৪৪১ টাকা এবং খাদ্য দপ্তরের অতিরিক্ত ২০০ টাকা মিলিয়ে কৃষকরা মোট ২৬৪১ টাকা পাবেন। সরকার অনুমোদিত সিপিসি কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান কেনা হবে।