নাগরাকাটায় স্কুল পড়ুয়াদের গাড়িতে দুর্ঘটনা, মৃত ৩ ও আহত ১০

নাগরাকাটায় স্কুল পড়ুয়াদের গাড়িতে দুর্ঘটনা, মৃত ৩ ও আহত ১০

সোমবার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের আপার চ্যাংমারি চা বাগান এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। চ্যাংমারি চা বাগান হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে ফেরার পথে একটি ক্যান্টার গাড়ির ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া কাস্টমসের আউট পোস্ট অফিসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃতেরা হলেন হরিলাল ওরাও, সুরজ টোপ্পো এবং শীত সোরেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। জখম ১০ জন পড়ুয়াকে প্রথমে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মালবাজার হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকদের বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছান। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুল কর্তৃপক্ষ জখম পড়ুয়াদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক কুমার ছেত্রী জানিয়েছেন, এই ঘটনায় গোটা স্কুলে শোকের ছায়া নেমে এসেছে এবং স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সব রকম সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *