ট্রেনে জোরে ফোনে কথা বা গান চালালে হতে পারে জেল ও জরিমানা

ট্রেনে ভ্রমণের সময় সহযাত্রীদের অসুবিধার কারণ হলে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের কামরায় বা স্টেশনে মোবাইলের স্পিকারে গান বা ভিডিও চালানো, দীর্ঘক্ষণ জোরে ফোনে কথা বলা কিংবা উচ্চস্বরে রিংটোন বাজানোর মতো আচরণ থেকে যাত্রীদের বিরত থাকতে হবে। বিশেষ করে এসি কামরায় এই ধরনের শব্দে অন্য যাত্রীদের বিশ্রাম বা ঘুমের ব্যাঘাত ঘটে, যা রেলের নিয়ম অনুযায়ী অনুচিত।
রেলওয়ে অ্যাক্টের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী, এই ধরনের আচরণ উপদ্রব হিসেবে গণ্য হলে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। টিকিট পরীক্ষক পদমর্যাদার নিচের নন, এমন বাণিজ্যিক বিভাগের কর্মীরা তাঁদের নির্ধারিত ক্ষমতা অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।
যাত্রীদের সচেতন করতে স্টেশন ও ট্রেনের কামরায় নিয়মিত ঘোষণা করা হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় পোস্টার ও স্টিকারের মাধ্যমে নিয়মগুলি প্রচার করা হবে। রেলের পরামর্শ, ট্রেনে ভ্রমণের সময় গান শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করুন। এছাড়া ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখা এবং ফোনে কথা বলার সময় গলার স্বর নিয়ন্ত্রণে রাখার অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য সচেতনতা অন্য যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলতে পারে।