ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত

২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির আদালত। বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামক এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগকারীর দাবি, ধ্রুব রাঠীর ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে তাঁর সম্মানহানি করা হয়েছে। ভিডিওটিতে তাঁকে বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছিল এবং ভুয়ো খবর ছড়ানোর জন্য ঘুষ দেওয়ার অভিযোগও তোলা হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযোগকারী।
এই মামলায় ২০১৯ সালের জুলাই মাসে ধ্রুব রাঠীকে প্রথমবার সমন পাঠিয়েছিল আদালত। তবে তিনি অস্ট্রিয়ায় বসবাস করায় আইনি প্রক্রিয়ায় দীর্ঘ সময় বিলম্ব হয়। চলতি মাসের শুরুতে অভিযোগকারীর আইনজীবী আদালতে জানান যে, ধ্রুব সম্প্রতি ভারতে এসেছেন। এর পরেই মামলাটি নতুন করে গতি পায়। গত ১৭ অক্টোবর এবং ৩১ অক্টোবর ধ্রুবের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু তা কার্যকর করা সম্ভব হয়নি। অবশেষে আদালত তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের বিষয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ধ্রুব রাঠী ভারতে এসেছিলেন। সেই সময় পুলিশ তাঁকে প্রায় ২০ ঘণ্টা আটক করে রেখেছিল। মুক্তি পাওয়ার পর তিনি বিদেশ চলে যান এবং লন্ডনে গিয়ে ভারতের নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন। দীর্ঘ আট বছর আগের এই মানহানি মামলায় আদালতের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।