হ্যামিল্টনগঞ্জে ছটপুজোর সকালে ঘাটে হাতি, আতঙ্ক পুণ্যার্থীদের মধ্যে

রবিবার ছটপুজোর সকালে হ্যামিল্টনগঞ্জের বাসরা নদীর ঘাটে সূর্যদেবকে অর্ঘ্য দিতে ভোর থেকেই হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন। সেই সময় আচমকাই ছটঘাট সংলগ্ন এলাকায় দুটি দাঁতাল হাতি চলে আসে। নদী পার হয়ে হাতিগুলিকে অন্য পাড়ে যেতে দেখে ঘাটে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাতি দুটিকে এত কাছে দেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছোটাছুটি ও চিৎকার শুরু করেন। তবে ছটপুজো উপলক্ষে জঙ্গল সংলগ্ন ঘাটগুলিতে আগে থেকেই বনকর্মীদের মোতায়েন রাখা হয়েছিল। বাসরা ছটঘাটেও বনকর্মীরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁরা দ্রুত তৎপরতার সঙ্গে হাতি দুটিকে লোকালয় থেকে সরিয়ে জঙ্গলের দিকে পাঠিয়ে দেন।
বনকর্মীদের এই দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ভোরের এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। উৎসবের দিনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুণ্যার্থীদের একাংশের মতে, বনকর্মীরা সতর্ক না থাকলে বড়সড় বিপত্তি ঘটতে পারত।