ট্রেনে জোরে ফোনে কথা বা গান চালানোয় কড়া পদক্ষেপ রেলের, হতে পারে জেল ও জরিমানা

ট্রেনে ভ্রমণের সময় সহযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা জারি করল পূর্ব রেল। ট্রেনের কামরায় বা স্টেশনে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা, স্পিকারে গান শোনা বা ভিডিও চালানো এবং জোরে রিংটোন বাজানোর মতো আচরণ থেকে যাত্রীদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে এসি কামরায় এই ধরনের শব্দে অন্য যাত্রীদের বিশ্রাম ও ঘুমের ব্যাঘাত ঘটে, যা রেল কর্তৃপক্ষের নজরে এসেছে।
রেলওয়ে অ্যাক্টের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী, এই ধরনের আচরণ উপদ্রব হিসেবে গণ্য হবে। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। টিকিট পরীক্ষক পদমর্যাদার নিচের নন, এমন বাণিজ্যিক বিভাগের কর্মীরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। যাত্রীদের সচেতন করতে স্টেশন ও ট্রেনের কামরায় পোস্টার ও স্টিকার লাগানো হবে এবং নিয়মিত ঘোষণা করা হবে।
রেল কর্তৃপক্ষের পরামর্শ, ট্রেনে ভ্রমণের সময় গান শোনা বা ভিডিও দেখার জন্য অবশ্যই ইয়ারফোন ব্যবহার করতে হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখা এবং ফোনে কথা বলার সময় গলার স্বর নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানানো হয়েছে। ট্রেনের কামরা একটি সর্বজনীন স্থান, তাই সহযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে প্রতিটি যাত্রীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পূর্ব রেল।