রাস পূর্ণিমা ও পঞ্চক ব্রত সমাপ্তি, দিঘার সমুদ্র সৈকতে ভক্তদের ভিড়

মঙ্গলবার রাস পূর্ণিমা ও পঞ্চক ব্রতের সমাপ্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিঘার সমুদ্র সৈকতে ভক্তদের বিশেষ সমাগম লক্ষ্য করা গেছে। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চক ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন পবিত্র ব্রত পালন করেন বহু মানুষ।
ধর্মীয় রীতি অনুযায়ী, এই পাঁচ দিন ভক্তরা উপবাস ও সংযম পালন করেন। সকালে স্নান সেরে জপ, গীতাপাঠ এবং ভীষ্ম স্তুতি করার প্রথা রয়েছে। পাশাপাশি এই সময়ে দান-ধ্যান ও পুণ্য অর্জনের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ওড়িশার সংস্কৃতিতেও কার্তিক মাসের শেষ পাঁচ দিন পঞ্চক ব্রত হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়।
সেই রীতি মেনেই মঙ্গলবার সকাল থেকে দিঘার সমুদ্র সৈকতে বহু ভক্ত জড়ো হন। সমুদ্রের তীরে আরতি ও বিশেষ প্রার্থনার মাধ্যমে ব্রত উদযাপনে অংশ নেন তারা। পবিত্র এই তিথিতে সমুদ্র স্নান ও ধর্মীয় আচার পালনের জন্য দিঘার সৈকতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।