ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা, ফাঁস ব্যবহারকারীদের তথ্য

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখার ওয়েবসাইট ‘ইইউ একাডেমি’ সাইবার আক্রমণের কবলে পড়েছে। এই ওয়েবসাইটটি মূলত ইইউ-এর বাইরের ব্যক্তিদের জন্য বিভিন্ন নীতি ও কোর্সের তথ্য সরবরাহ করে থাকে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ার জানিয়েছেন, গত ২২ অক্টোবর প্রথম এই ডাটাবেসে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করা হয়। এরপরই সাইবার বিশেষজ্ঞরা ক্ষতি সীমিত করতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইবার হামলায় ব্যবহারকারীদের নাম এবং ইমেল ঠিকানা ফাঁস হয়েছে। তবে ঠিক কতজন ব্যবহারকারী এই ঘটনার শিকার হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্তমানে ওয়েবসাইটটির অ্যাক্সেস বন্ধ রাখা হয়েছে। ব্যবহারকারীদের সন্দেহজনক ইমেল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে এবং অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ইইউ প্রতিষ্ঠানের ডিজিটাল নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা ‘সার্ট-ইইউ’ (CERT-EU) এআই-চালিত ‘ARTEX’ নামক একটি টুল নিয়ে সতর্কবার্তা জারি করেছে। এই টুলটি ডিজিটাল সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে ব্যবহৃত হয় এবং সাম্প্রতিক বিভিন্ন সাইবার আক্রমণের সঙ্গে এর যোগসূত্র পাওয়া গেছে। সংস্থাটির মতে, এআই প্রযুক্তির সহজলভ্যতা সাইবার অপরাধীদের আক্রমণকে আরও দ্রুত ও কার্যকর করে তুলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হামলার পূর্ণাঙ্গ প্রভাব সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি কমিশন।