পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ১৫০০ কোটি টাকার মামলা ভারতীয় স্টার্টআপের

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ১৫০০ কোটি টাকার মামলা ভারতীয় স্টার্টআপের

মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে আইনি লড়াই শুরু করেছে জিজি টেকনোলজিস নামে একটি স্টার্টআপ। আইআইটি দিল্লির প্রাক্তন ছাত্র গৌরব গোয়েলের প্রতিষ্ঠিত এই সংস্থাটি দাবি করেছে, তাদের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করেই অ্যাপল তাদের জনপ্রিয় ‘নেমড্রপ’ ফিচারটি তৈরি করেছে। এই অভিযোগে অ্যাপলের কাছে প্রায় ১,৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে সংস্থাটি।

জিজি টেকনোলজিস ২০১৯ সালে ‘স্টেটাচ’ নামে একটি অ্যাপ চালু করে, যার মাধ্যমে দুটি ফোন পাশাপাশি এনে যোগাযোগের তথ্য আদান-প্রদান করা সম্ভব। সংস্থাটির দাবি, ‘মেথড অ্যান্ড সিস্টেম ফর প্রক্সিমিটি-বেসড কন্টাক্ট ট্রান্সফার’ প্রযুক্তির জন্য তাদের কাছে ভারতীয় পেটেন্ট রয়েছে, যা তারা ২০২৪ সালের জুলাই মাসে লাভ করেছে। অ্যাপল ২০২৩ সালে তাদের আইওএস ১৭ আপডেটের মাধ্যমে নেমড্রপ ফিচারটি বাজারে আনে।

এই পেটেন্ট লঙ্ঘনের জেরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জিজি টেকনোলজিস। মামলা চলাকালীন ভারতে অ্যাপলের নেমড্রপ ফিচারটি বন্ধ রাখা এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে তা নিষ্ক্রিয় করার আবেদন জানিয়েছে তারা। পাশাপাশি, বিতর্কিত এই ফিচারযুক্ত অ্যাপল ডিভাইসগুলোর বিক্রি ও আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির দাবিও তোলা হয়েছে। অ্যাপলের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *