ঝাঁসিতে হ্যান্ডপাম্পের মাধ্যমে অবৈধ মদ সরবরাহ, মাটির নিচে মিলল মদের ড্রাম

উত্তরপ্রদেশের ঝাঁসিতে অবৈধ মদ তৈরির বিরুদ্ধে এক বড়সড় অভিযানে নেমেছে আবগারি বিভাগ ও সাকরার পুলিশ। বাদৌরা চৌরাহা এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশ এমন এক অদ্ভুত কারসাজি খুঁজে পায়, যেখানে একটি হ্যান্ডপাম্পের মাধ্যমে মাটির নিচে লুকিয়ে রাখা ড্রাম থেকে অবৈধ মদ সরবরাহ করা হতো। হ্যান্ডপাম্পটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে, তা ব্যবহার করলেই মাটির নিচ থেকে মদ বেরিয়ে আসত।
যৌথ এই অভিযানে বাদৌরা চৌরাহা, সিমরাওয়ারি পাহাড়িয়া, বাইদোরা গ্রাম, দক্ষিণেশ্বর, ডেরা পৃথ্বীপুর নয়াখেদা, বুধপুরা, বামহাউরলি, সাকরার এবং আদজার সহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে বেশ কিছু অবৈধ চোলাই মদের ইউনিট ভেঙে ফেলা হয়েছে। মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করার পাশাপাশি হাজার হাজার কিলোগ্রাম লাহান বা গাঁজন উপাদান নষ্ট করা হয়েছে।
আবগারি বিভাগের তথ্য অনুযায়ী, এই অভিযানে মোট ৩৪০ লিটার অবৈধ দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৪,৩০০ কেজি লাহান ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় আবগারি আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই কারবারের সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুরো অভিযানের নেতৃত্ব দিয়েছেন আবগারি পরিদর্শক মনোজ কুমার শ্রীবাস্তব, অজয় কুমার এবং শিশির দ্বিবেদী।