বাইকের ধাক্কায় প্রয়াত বিজেপি নেতা চিত্তরঞ্জন বিশ্বাস, শোকের ছায়া অশোকনগরে

অশোকনগরের বাসিন্দা তথা বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস (৫৮) প্রয়াত হয়েছেন। গত শুক্রবার রাতে একটি বাইকের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। প্রথমে তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
রবিবার রাতে তার মরদেহ অশোকনগরে পৌঁছালে শোকের পরিবেশ তৈরি হয়। হাবড়া শ্রীচৈতন্য কলেজে কর্মরত এই সরকারি কর্মীর প্রয়াণে কলেজের তরফেও শ্রদ্ধা জানানো হয়। বামপন্থী ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক জীবন শুরু করা চিত্তরঞ্জন বিশ্বাস অতীতে বামেদের টিকিটে অশোকনগর কল্যাণগড় পুরসভায় তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগদান করেন এবং দলের জেলা সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয় ছিলেন। রবিবার রাতে অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষ ভিড় করেন। পরে হাবড়া মুক্তি ধাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।