নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ, শারীরিক অবনতি নিয়ে উদ্বেগ চিকিৎসকের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল সুলতান। ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জেলবন্দি ইমরানের রক্তচাপ বর্তমানে একেবারেই নিয়ন্ত্রণে নেই। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিলে তাঁর হৃদ্যন্ত্র, কিডনি এবং চোখের রেটিনার অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। দীর্ঘ ৩০ বছর ধরে ইমরানের চিকিৎসা করা ফয়সলের মতে, এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দ্রুত রক্তচাপ স্বাভাবিক করা প্রয়োজন।
এর আগে ইমরান খান নিজে এবং তাঁর স্ত্রী বুশরা বিবি শারীরিক অবস্থার অবনতি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লিখেছিলেন। গত সোমবার ইমরানের আইনজীবী সলমন সফদর সেই চিঠি প্রকাশ্যে আনেন। চিঠিতে ইমরান দাবি করেছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো প্রবল ঝুঁকি রয়েছে। পাশাপাশি, জেলবন্দি বুশরা বিবির দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। আদালতের নির্দেশ সত্ত্বেও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন পিটিআই প্রধান।
উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তোষাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইমরান এবং তাঁর স্ত্রীর করা আবেদন বর্তমানে ইসলামাবাদ হাই কোর্টে বিচারাধীন। এর আগে তোষাখানা-১ মামলা, ন্যাব দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের মামলায় তাঁর সাজা স্থগিত হয়েছে। তবে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানি সংক্রান্ত মামলা এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।