২৬ নভেম্বর উদ্বোধন হতে চলেছে মালদহ ও মুর্শিদাবাদ সংযোগকারী নতুন ফরাক্কা সেতু

২৬ নভেম্বর উদ্বোধন হতে চলেছে মালদহ ও মুর্শিদাবাদ সংযোগকারী নতুন ফরাক্কা সেতু

উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে মালদহ ও মুর্শিদাবাদ জেলার সংযোগকারী নতুন ফরাক্কা সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। গঙ্গার ওপর নির্মিত প্রায় পৌনে তিন কিলোমিটার দীর্ঘ এই সেতুটি যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত এই সেতুটিতে সৌর বিদ্যুৎচালিত পথবাতির ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে শিলিগুড়ি থেকে কলকাতামুখী লেনটি খুলে দেওয়া হয়েছে এবং অন্য লেনে পুরনো ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল করছে।

১৯৭৫ সালে চালু হওয়া পুরনো ফরাক্কা ব্যারেজের ওপর যানবাহনের অতিরিক্ত চাপ ও সময়ের সঙ্গে পরিকাঠামো দুর্বল হয়ে পড়ায় এই নতুন সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয়। নতুন এই প্রকল্পের প্রাথমিক নির্মাণ খরচ ৫২২ কোটি টাকা ধরা হলেও, সময়সীমা বৃদ্ধির কারণে তা বেড়ে ৬২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেতুটি ফরাক্কা কলেজ মোড় থেকে শুরু হয়ে মালদহের পিটিএস টাউনশিপ মোড় পর্যন্ত বিস্তৃত। এর ফলে ফরাক্কা ও মালদহ বাইপাস ব্যবহার করে যানজটমুক্ত যাতায়াত সম্ভব হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন সেতুটি পুরোপুরি চালু হলে পুরনো ফরাক্কা ব্যারেজের ১০৯টি গেট শুধুমাত্র গঙ্গার জলপ্রবাহ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হবে। ভবিষ্যতে এই নতুন সেতুর সমান্তরালে একটি রেল সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যার সমীক্ষার কাজ শুরু হয়েছে। নতুন সড়ক সেতুটি চালু হলে দুই জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের যানজটের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *