টাইম ১০০ নেক্সট তালিকায় স্থান পেলেন কলকাতার গণিতজ্ঞ নীনা গুপ্তা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন কলকাতার কৃতী গণিতজ্ঞ নীনা গুপ্তা। বিজ্ঞান, শিল্পকলা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রতিশ্রুতিবান ১০০ জন ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ধরে অমীমাংসিত থাকা গণিতের জটিল ধাঁধা ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’-এর সমাধান করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন এই বাঙালি গবেষক।
কলকাতায় জন্ম নেওয়া নীনা গুপ্তা বেথুন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানেরই অধ্যাপিকা হিসেবে কর্মরত। ১৯৪৯ সালে মার্কিন গণিতজ্ঞ অস্কার জারিস্কি বীজগণিতের জ্যামিতি বিষয়ক যে জটিল প্রশ্ন তুলে ধরেছিলেন, ২০১৪ সালে নীনা তার যৌক্তিক সমাধান প্রদান করেন। তিনি প্রমাণ করেন যে, গাণিতিক বস্তুর ক্ষেত্রে উত্তরটি সবসময় ইতিবাচক নাও হতে পারে।
এর আগেও একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন নীনা। ২০১৯ সালে তিনি ভারতের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ এবং ২০২৪ সালে ‘ইনফোসিস প্রাইজ’ লাভ করেন। এছাড়া ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির পক্ষ থেকে তাঁকে ‘এমি নোথার লেকচার’ প্রদানের জন্য নির্বাচিত করা হয়। গণিতের প্রতি গভীর আগ্রহ এবং মৌলিক ধারণা বোঝার ওপর গুরুত্ব আরোপ করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন বলে জানিয়েছেন এই গণিতজ্ঞ।