ডিএনএ রিপোর্টে মিল, কুশপুতুল পুড়িয়ে শেষ বিদায় বিজেপি নেতার

ডিএনএ রিপোর্টে মিল, কুশপুতুল পুড়িয়ে শেষ বিদায় বিজেপি নেতার

নিখোঁজ বিজেপি নেতা সুজিত মন্ডলের মৃত্যুর বিষয়টি ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে সুজিতের দেহের একটি অংশ উদ্ধার করেছিল পুলিশ। সেই দেহাংশ সুজিতের কি না, তা নিশ্চিত হতে পরিবারের এক সদস্যের সঙ্গে ডিএনএ পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট হাতে আসার পর পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে সুজিত আর বেঁচে নেই। দেহ সম্পূর্ণ না পাওয়ায় হিন্দু ধর্মীয় রীতি মেনে কুশপুতুল তৈরি করে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

ধুলিয়ান শ্মশানঘাটে সুজিতের ছয় বছরের ছেলে সিদ্ধার্থ মন্ডল কুশপুতুলে মুখাগ্নি করে বাবাকে শেষ বিদায় জানায়। এই ঘটনায় শামাউল হক, জানি শেখ এবং তাজফিরা বিবি নামে তিনজনকে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। তদন্তে জানা গেছে, ব্যবসায়িক লেনদেন ও টাকা সংক্রান্ত বিবাদের জেরে সুজিতকে খুন করে দেহ টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে শামাউল হক সিআইডি হেফাজত থেকে পালানোর সময় পুলিশের এনকাউন্টারে নিহত হয়।

সুজিতের পরিবারের পক্ষ থেকে বাকি দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সুজিতের স্ত্রীকে চাকরি এবং পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৃতের ভাই সুশীল মন্ডল। শেষকৃত্যের সময় বিজেপির স্থানীয় নেতৃত্ব উপস্থিত থেকে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *