চন্দননগরে কাঁধে করে রেললাইন পার জগদ্ধাত্রী প্রতিমা, ৫০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের জন্য রেললাইন পার করার সময় প্রায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকল। রবিবার সকাল ১১টা নাগাদ সুভাষপল্লি উত্তরপাড়ার পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন পার করেন। প্রতিমার আকার বিশাল হওয়ায় সাবওয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই রেললাইন ব্যবহার করেই প্রতিমা গঙ্গাপারে নিয়ে যাওয়া হয়।
রেললাইন পারাপারের সময় নিরাপত্তার খাতিরে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। দুর্ঘটনা এড়াতে রেললাইনের চারপাশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং জিআরপি-র পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। প্রতিমা নিরাপদে লাইন পেরিয়ে পূর্ব দিকে লরিতে তোলার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃহস্পতিবারের নির্ধারিত বিসর্জনের শোভাযাত্রা পিছিয়ে রবিবার করা হয়েছে। তবে যে সমস্ত ক্লাব শোভাযাত্রায় অংশ নেয় না, তারা রবিবার সকাল থেকেই বিসর্জন প্রক্রিয়া শুরু করে। স্থানীয় প্রশাসন ও পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মূল শোভাযাত্রা রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এবং সোমবার প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে।