আমেরিকায় অধ্যাপিকা ও তাঁর দুই মেয়ের রহস্যমৃত্যু, খুনের পর আত্মঘাতী স্বামী

আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের ওয়েস্ট লাফায়েত শহরে এক ভয়াবহ ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গত ১৮ নভেম্বর রাতে ৯১১ জরুরি নম্বরে ফোন করে পরিবারের এক কিশোরী জানায়, তার বাবা বন্দুক নিয়ে তাদের গুলি করার হুমকি দিচ্ছেন। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই ফোনের ওপার থেকে একাধিক গুলির শব্দ শোনা যায় এবং লাইন কেটে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজনের নিথর দেহ উদ্ধার করে।
মৃতদের মধ্যে রয়েছেন পারডু বিশ্ববিদ্যালয়ের ৫৩ বছর বয়সি অধ্যাপিকা জুলি টাকাচ, তাঁর ৫১ বছর বয়সি স্বামী থমাস এবং তাঁদের দুই মেয়ে ১৭ বছর বয়সি ক্যাথারিন ও ১৬ বছর বয়সি লরেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জুলি ও তাঁর দুই মেয়ের শরীরে একাধিক গুলির আঘাত ছিল, যা খুনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে, থমাসের মাথায় গুলির আঘাত পাওয়া যায় এবং তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছে মেডিক্যাল পরীক্ষকের দপ্তর।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত থমাস টিপেকানো কাউন্টি শেরিফের দপ্তরে কর্মরত ছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি জেল ডেপুটি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ইন্ডিয়ানা স্টেট পুলিশ। পারডু বিশ্ববিদ্যালয় এবং মৃত দুই মেয়ের স্কুল হ্যারিসন হাইস্কুলে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে এখনও তদন্ত চলছে।