সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে মাদক পাচার, মুর্শিদাবাদে ধৃত ২

সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে মাদক পাচার, মুর্শিদাবাদে ধৃত ২

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের জালে ধরা পড়ল মাদক পাচারকারী চক্রের দুই সদস্য। শনিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের জয়কৃষ্ণপুর জল ট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশির সময় একটি সন্দেহজনক এক্সইউভি গাড়ি আটক করে পুলিশ। গাড়িটির উইন্ড স্ক্রিনে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো ছিল। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৬১ কেজি ৬০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম রশিদুল শেখ ও নূর হোসেন। রশিদুলের বাড়ি মালদহের গাজল এলাকায় এবং নূর হোসেনের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওড়িশার ভুবনেশ্বর থেকে মালদহে মাদক পাচার করছিল। পুলিশের নজরদারি এড়াতে তারা গাড়িতে ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যমের স্টিকার ব্যবহার করেছিল। তবে ধৃতদের কাছ থেকে সংবাদমাধ্যমের কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি এর আগেও ওড়িশা থেকে একাধিকবার মালদহে মাদক পাচার করেছে। সেই সময়ও একই কায়দায় স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। এতদিন মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে গাঁজা পাচার হতো, কিন্তু পুলিশের কড়াকড়িতে পাচারকারীরা এখন নতুন রুট ব্যবহার করছে। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার তাদের আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *