এআই চ্যাটবটের সাহায্যে অগ্নিবীরদের তথ্য চুরির চেষ্টা, আটক ১৪ বছরের কিশোর

এআই চ্যাটবটের সাহায্য নিয়ে প্রাক্তন অগ্নিবীরদের তথ্য চুরির অভিযোগে হরিয়ানার বল্লভগরের এক ১৪ বছর বয়সী কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই কিশোর এআই চ্যাটবটের কাছে জানতে চেয়েছিল কীভাবে ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরি করা সম্ভব এবং সেই তথ্য বিক্রি করে টাকা আয় করা যায়। এরপরই সে একটি পরীক্ষামূলক পোর্টালে হানা দেয়, যেখানে প্রাক্তন অগ্নিবীররা চাকরির সুযোগের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতেন।
অভিযুক্ত কিশোর ওই পোর্টাল থেকে প্রায় ৪০০০ প্রাক্তন অগ্নিবীরের নাম ও ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। এরপর ডার্ক ওয়েবের একটি প্ল্যাটফর্মে সেই তথ্য ৫০০ ডলারে বিক্রির বিজ্ঞাপন দেয় সে। তবে তদন্তকারীদের দাবি, অগ্নিবীরদের প্রাপ্ত নম্বর, পদমর্যাদা বা অন্য কোনো সংবেদনশীল নথি চুরি হয়েছে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। দিল্লি পুলিশের বিশেষ শাখা অভিযুক্তের ডিজিটাল ডিভাইসগুলো বাজেয়াপ্ত করে তথ্য যাচাই করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্রের (NIC) কাছে চিঠি পাঠিয়ে ওই পোর্টালের নিরাপত্তা ও তথ্যের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে কাউন্সেলিংয়ের পর বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। কিশোর বিচার পর্ষদের সঙ্গে পরামর্শ করে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত এখনও চলমান রয়েছে।