নয় মাসে এক কোটি এইচপিভি টিকা প্রদান, সাফল্যের পথে ভারত

ভারতে এইচপিভি টিকাকরণ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। মাত্র নয় মাসের ব্যবধানে দেশজুড়ে এক কোটি কিশোরীকে এই টিকা প্রদান করা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এই টিকাকরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রকের তথ্য অনুযায়ী, গুজরাট, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং বিহার—এই ছয়টি রাজ্য তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ কভারেজ অর্জন করেছে। এর মধ্যে উত্তর প্রদেশ ২৯.৩ লক্ষ টিকা প্রদানের মাধ্যমে তালিকার শীর্ষে রয়েছে এবং বিহার ১৩.৭ লক্ষ টিকা দিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া আসাম, তেলঙ্গানা, কর্নাটক এবং উত্তরাখণ্ডেও টিকাকরণের হার ৯০ শতাংশের বেশি।
এই টিকাকরণ কর্মসূচি পরিচালনার জন্য প্রশিক্ষিত মেডিকেল অফিসারদের তত্ত্বাবধানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা মোকাবিলার জন্য ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। টিকাকরণের ফাঁকগুলো পূরণ করতে রাজ্য ও জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে মন্ত্রক।
চৌদ্দ বছর বয়সী কিশোরীদের অভিভাবকদের সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বা ইউ-উইন (U-WIN) প্ল্যাটফর্মের মাধ্যমে টিকার সময়সূচী জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সব যোগ্য কিশোরীর কাছে টিকা পৌঁছে দিতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।