কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিবিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত দম্পতি, তদন্তে পুলিশ

কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিবিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত দম্পতি, তদন্তে পুলিশ

কানাডার সারে এলাকায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে। ১৫ নভেম্বর রাত ১০টা ৩৮ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত গগনপ্রীত ও সুখজিৎ ডেল্টা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার তদন্তভার গ্রহণ করেছে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের ঘটনার প্রায় ১৩ মিনিট পর কাছাকাছি এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়, যা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে একটি ভাঙা কাচের লাল রঙের মুস্তাং গাড়িও দেখা গিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গগনপ্রীতের বিরুদ্ধে অতীতে অস্ত্র সংক্রান্ত অপরাধের রেকর্ড ছিল।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় তুষার শর্মা নামে ২৫ বছর বয়সী এক ভারতীয় যুবকের দেহ জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। সাম্প্রতিক এই জোড়া খুনের ঘটনার সঙ্গে সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ এবং ড্যাশক্যামের রেকর্ডিং বিশ্লেষণ করছে। ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *