শান্তিপুরের ভাঙা রাসে নতুন চমক অভিযাত্রী সঙ্ঘের, থাকছে বিশেষ আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের আয়োজন

শান্তিপুরের ভাঙা রাসে নতুন চমক অভিযাত্রী সঙ্ঘের, থাকছে বিশেষ আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের আয়োজন

নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে এ বছর ৫৯তম বর্ষে পদার্পণ করল নতুনপাড়ার অভিযাত্রী সঙ্ঘ। রাস পূর্ণিমা উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ডের স্থায়ী মন্দিরে ১৪ ফুট উচ্চতার নারায়ণের পুজো করা হবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ নভেম্বর ভাঙা রাসের শোভাযাত্রায় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক থাকছে। কেরালার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘থামবোলাম’ সহ মোট ছয়টি দলের বাদ্যি বাজবে এই শোভাযাত্রায়। এছাড়াও ইংলিশ ব্যান্ড, চরবরি এবং তাসা দলের পাশাপাশি মহিলা ব্যান্ড ও ইন্সট্রুমেন্টাল ব্যান্ডের পরিবেশনা থাকবে।

শোভাযাত্রার আলোকসজ্জার দায়িত্বে থাকছেন চন্দননগরের প্রখ্যাত আলোকশিল্পী বাবু পাল এবং চিকু বিশ্বাস। বাবু পালের কর্মীরা এর আগে অমিতাভ বচ্চনের বাড়ি, প্যারিস, দুবাই এবং কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আলোকসজ্জার কাজ করেছেন। এবারের শোভাযাত্রার মূল থিম ‘শান্তিপুর রাস কার্নিভাল’। আলোকসজ্জার মাধ্যমে সীতাহরণ, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অশ্বত্থামা বধ, দুর্গতিনাশিনী দুর্গা এবং ড্রাগনের মতো বিভিন্ন পৌরাণিক ও কাল্পনিক দৃশ্য ফুটিয়ে তোলা হবে।

আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরাই ক্লাবের মূল লক্ষ্য। শোভাযাত্রায় মৎস্যকন্যা এবং হাতির দুটি লাইভ ট্যাবলোও রাখা হচ্ছে। উৎসবের অঙ্গ হিসেবে ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে শান্তিপুরের ভাঙা রাসে নিজেদের সেরা চমক উপহার দিতে প্রস্তুত অভিযাত্রী সঙ্ঘের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *