উচ্চপদে মহিলাদের উপস্থিতি মানেই লিঙ্গ সমতা নয়, মন্তব্য বিচারপতি বিভি নাগারত্নের

উচ্চপদে মহিলাদের উপস্থিতি মানেই লিঙ্গ সমতা নয়, মন্তব্য বিচারপতি বিভি নাগারত্নের

উচ্চপদে বা বড় অফিসে মহিলাদের উপস্থিতি থাকলেই সমাজে লিঙ্গ সমতা অর্জিত হয়েছে, এমনটা মনে করা ভুল। অক্সফোর্ড ইউনিভার্সিটির সোমারভিল কলেজে আয়োজিত কর্নেলিয়া সোরাবজি মেমোরিয়াল লেকচারে এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন। তিনি স্পষ্ট জানান, জনজীবনে হাতে গোনা কয়েকজন বিশিষ্ট মহিলার উপস্থিতি দিয়ে ভারতীয় সমাজে নারীদের সামগ্রিক অবস্থান বিচার করা সম্ভব নয়। প্রকৃত সমতা নিশ্চিত করতে হলে নারীদের বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিচারপতি নাগারত্ন আরও বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রে উন্নতির পথে নারীদের যে বাধা রয়েছে, তা নিয়ে গভীর পর্যালোচনার প্রয়োজন আছে। তিনি নিজের উদাহরণ দিয়ে জানান, তিনি সুযোগ পেলেও ভারতের বহু যোগ্যতাসম্পন্ন মহিলা নানা প্রতিকূলতার কারণে শিক্ষা বা পেশাগত জীবনে পিছিয়ে পড়েন। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য পুরুষতান্ত্রিক সমাজের আত্মসমালোচনা জরুরি। সংবিধানের লক্ষ্য পূরণে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বৃদ্ধি করা অপরিহার্য বলে তিনি মনে করেন।

আইনি পেশায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন বিচারপতি নাগারত্ন। তাঁর মতে, সরকারি প্যানেলগুলিতে মহিলা আইনজীবীদের অন্তত এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব থাকা উচিত। এন্ট্রি লেভেল থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে পরামর্শদাতা হিসেবেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে সুপ্রিম কোর্টের ৩৭ জন বিচারপতির মধ্যে মাত্র তিনজন মহিলা। এছাড়া দেশের ২৫টি হাইকোর্টে ৭৮১ জন বিচারকের মধ্যে ১১১ জন মহিলা বিচারক রয়েছেন। উল্লেখ্য, ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি বিভি নাগারত্ন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *