পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরিধি আরও বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় অভিযুক্ত প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু বর্তমানে জেলবন্দি রয়েছেন। শনিবার সিবিআইয়ের আধিকারিকরা সংশোধনাগারে গিয়ে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টাকার বিনিময়ে চাকরি দেওয়া কিংবা নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করার বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগে এই মামলায় নিতাই দত্ত, প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই আদালতের অনুমতি নিয়ে সুজিত বসুকে জেরা করার সিদ্ধান্ত নেয় সিবিআই। গত ১১ মে আর্থিক লেনদেনের মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছিল। এরপর থেকেই তিনি জেলবন্দি রয়েছেন। তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এনেছে ইডি। এমনকি তাঁর ছেলের রেস্তরাঁ সংক্রান্ত বিষয় নিয়েও তদন্ত চলছে।
জামিনের জন্য একাধিকবার আবেদন করলেও প্রাক্তন মন্ত্রী স্বস্তি পাননি। কলকাতা হাই কোর্টে ইডি দাবি করেছিল, জামিন পেলে তিনি প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। ইডির মামলার পাশাপাশি এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে তদন্তকারীদের।