রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৯ পুণ্যার্থীর মৃত্যু

রাজস্থানের কোটা জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। কোটা-উদয়পুর হাইওয়ের শম্ভুপুরার কাছে একটি যাত্রীবোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, গাড়িটিতে মোট ১৬ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই একে অপরের আত্মীয়। মঙ্গলবার রাতে তারা খাতু শ্যাম দর্শন শেষে মহারাষ্ট্রে ফেরার পথে এই বিপত্তির মুখে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা জানান, মোট ৩৬ জন আত্মীয় তিনটি গাড়িতে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। মাঝরাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।
অতিরিক্ত জেলাশাসক রাজেশ যোশী জানিয়েছেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। বর্তমানে প্রশাসনের প্রধান অগ্রাধিকার হলো আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা। পাশাপাশি নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে। তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটিকে আটক করা হয়েছে।