AI ডিটেকশন টুলের ভিত্তিতে পড়ুয়াদের শাস্তি নয়, সতর্কবার্তা প্রধান বিচারপতির

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শনাক্তকারী সফটওয়্যারের ওপর পুরোপুরি নির্ভর করে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষাগত অসদাচরণের অভিযোগ আনা উচিত নয় বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। হায়দরাবাদে আয়োজিত এক আন্তর্জাতিক আইন শিক্ষা সম্মেলনে তিনি বলেন, অবিশ্বস্ত এআই ডিটেকশন টুলের কারণে অনেক সময় নির্দোষ শিক্ষার্থীরাও অন্যায়ভাবে প্রতারক হিসেবে চিহ্নিত হতে পারেন। শুধুমাত্র একটি যন্ত্রের রিপোর্টের ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা অনুচিত।
প্রধান বিচারপতি ২০২৩ সালের একটি গবেষণার প্রসঙ্গ টেনে জানান, এআই ডিটেকশন টুলগুলো প্রায়ই ইংরেজি মাতৃভাষা নয় এমন শিক্ষার্থীদের লেখাকে ভুলভাবে এআই-নির্মিত বলে চিহ্নিত করে। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে যেখানে শিক্ষার্থীরা ইংরেজিকে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ব্যবহার করেন, সেখানে এই সমস্যা আরও প্রকট। তিনি স্পষ্ট করেন যে, এআই-এর ফলাফলকে শিক্ষাগত অসদাচরণের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা উচিত নয়।
আইন শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি বলেন, এআই-এর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা বাস্তবসম্মত নয়। বরং শিক্ষার্থীদের এই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখানো প্রয়োজন। তিনি পরামর্শ দেন, মূল্যায়ন পদ্ধতি নতুন করে সাজাতে হবে এবং পরীক্ষা শুরুর আগেই এআই ব্যবহারের স্পষ্ট নির্দেশিকা তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে যে, শিক্ষার্থীরা যেন তাদের নিজস্ব জ্ঞান ও দক্ষতার মাধ্যমে আইন সম্পর্কে প্রকৃত উপলব্ধি অর্জন করতে পারে।