ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হরিয়ানার জিএসটি সুপারিনটেনডেন্ট, উদ্ধার কোটি টাকার সম্পত্তি

একটি বেসরকারি সংস্থাকে জিএসটি সংক্রান্ত বিষয়ে অন্যায্য সুবিধা দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে হরিয়ানার এক জিএসটি সুপারিনটেনডেন্টকে গ্রেপ্তার করেছে সিবিআই। বৃহস্পতিবার পাঞ্চকুলায় সিবিআইয়ের পাতা একটি ফাঁদে পা দিয়ে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় অভিযুক্ত হাতেনাতে ধরা পড়েন। এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গ্রেপ্তারের পর অভিযুক্তের বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করা হয়েছে। তল্লাশিতে ২৪.২৯ লক্ষ টাকার ভারতীয় মুদ্রা, প্রায় ১৫.৬৫ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা এবং প্রায় ১.৪৬ কোটি টাকা মূল্যের সোনার গহনা, সোনার বার ও রুপা পাওয়া গেছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মোট মূল্য প্রায় ১.৮৬ কোটি টাকা বলে জানা গেছে।
তল্লাশি অভিযানে ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন বিনিয়োগ পোর্টফোলিও, একটি জীবন বীমা পলিসি এবং একাধিক স্থাবর সম্পত্তির নথি উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা যানবাহন ও আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্রও সিবিআইয়ের হাতে এসেছে। উদ্ধার হওয়া এই সমস্ত নথি খতিয়ে দেখে অভিযুক্তের আয়ের উৎস ও সম্পত্তির পরিমাণ নিশ্চিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।