৮৯ বছর পর খুলবে জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুক, নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

৮৯ বছর পর খুলবে জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুক, নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর বাসভবন ‘শান্তি ভবন’-এ দীর্ঘ ৮৯ বছর ধরে একটি লোহার সিন্দুক তালাবন্ধ অবস্থায় রয়েছে। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর বিজ্ঞানীর মৃত্যুর পর থেকে সিন্দুকটি আর খোলা হয়নি। এর ভেতরে কোনো অপ্রকাশিত গবেষণাপত্র, বৈজ্ঞানিক আবিষ্কারের নথি নাকি ব্যক্তিগত চিঠিপত্র রয়েছে, তা নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল বজায় ছিল। অবশেষে এই রহস্যের কিনারা করতে উদ্যোগী হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট।

বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে। আদালত রাজ্য সরকারকে শান্তি ভবনের সংস্কার ও উন্নয়নের পাশাপাশি সিন্দুকটি উপযুক্ত নজরদারিতে খোলার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সিন্দুকটির ভেতরে থাকা গবেষণালব্ধ মূল্যবান নথি ও বৈজ্ঞানিক রেকর্ড বর্তমান প্রজন্মের বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর আগে ২০২০ সালে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মাধ্যমে সিন্দুকটি খোলার পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গিরিডির এই বাড়িটি ১৯৮৭ সালে তৎকালীন বিহার সরকার অধিগ্রহণ করে এবং পরে সেটিকে ‘জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল সায়েন্স বিল্ডিং’ হিসেবে গড়ে তোলা হয়। বর্তমানে এই সংগ্রহশালায় বিজ্ঞানীর ব্যবহৃত বিভিন্ন যন্ত্র, যেমন ক্রেসকোগ্রাফ ও মাইক্রোওয়েভ ডিটেক্টরের মডেল সংরক্ষিত রয়েছে। তবে দীর্ঘদিনের অবহেলায় ভবনের বেহাল দশা নিয়ে প্রশ্ন ওঠায় আদালত রাজ্য সরকারকে ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষা ও পুনরুদ্ধারের জন্য দীর্ঘমেয়াদি নীতি তৈরির নির্দেশ দিয়েছে। এখন হাইকোর্টের হস্তক্ষেপে ৮৯ বছরের পুরনো এই রহস্যের জট খোলে কি না, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *