আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীতে ভারতের অগ্রগতির খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী

খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রযুক্তিগত ও পরিকাঠামোগত অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে গত ৭৫ বছরে ভারত গরুর গাড়ির যুগ পেরিয়ে বুলেট ট্রেনের স্বপ্নপূরণের পথে এগিয়েছে। আইআইটি খড়গপুরকে ভারতের বিবর্তনের সাক্ষী হিসেবে অভিহিত করে তিনি জানান, দেশের বিজ্ঞান, গবেষণা ও শিল্পক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে বাম আমলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রায় ৫০ বছর আগে ভারতেই সেমিকন্ডাক্টর তৈরির সুযোগ এসেছিল, কিন্তু তৎকালীন বাম সরকারের নীতির কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামীরা যে শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন, প্রযুক্তি শিক্ষার প্রসারের মাধ্যমেই তা বাস্তবায়িত হচ্ছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে সড়কপথে আইআইটি চত্বরে পৌঁছে প্রধানমন্ত্রী নতুন ডাক্তারি কোর্সের পরিকাঠামো পরিদর্শন করেন এবং ৭৫ জন পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে তিনি ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেন। ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপোর তৈরি এই মুদ্রার একদিকে অশোক স্তম্ভ এবং অন্যদিকে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর লোগো রয়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।