আদালতে ভুয়ো এআই রায় পেশ, মধ্যপ্রদেশ সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

আদালতে ভুয়ো এআই রায় পেশ, মধ্যপ্রদেশ সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

মধ্যপ্রদেশ হাইকোর্টে এক মামলার শুনানিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের সাহায্য নিয়ে তৈরি ভুয়ো রায় পেশ করার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। পীযূষ মণি তিওয়ারি নামে এক প্রাক্তন পুলিশকর্মীর বরখাস্ত সংক্রান্ত মামলার শুনানিতে এই ঘটনা প্রকাশ্যে আসে। অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত ওই পুলিশকর্মীকে কোনো বিভাগীয় তদন্ত বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বরখাস্ত করেছিল রাজ্য সরকার। নিজেদের সিদ্ধান্তের সপক্ষে সওয়াল করতে গিয়ে সরকার সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে, যা আদতে অস্তিত্বহীন বলে প্রমাণিত হয়েছে।

সরকারি নথিতে ‘স্টেট অফ অন্ধ্রপ্রদেশ বনাম এস এস মহম্মদ নিসার’ নামে একটি মামলার উল্লেখ করা হয়েছিল। কিন্তু আদালত খতিয়ে দেখে, ওই নামে সুপ্রিম কোর্টের কোনো মামলার অস্তিত্ব নেই। নথিতে দেওয়া সাইটেশন নম্বরটি আসলে জেসিকা লাল হত্যা মামলায় দোষী মনু শর্মার মামলার সঙ্গে সম্পর্কিত। বিচারপতি বিবেক কুমার সিংয়ের পর্যবেক্ষণ, নথিপত্র তৈরির সময় অন্ধভাবে এআই টুলের সাহায্য নেওয়ার ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। একটি কাল্পনিক মামলার নামের সঙ্গে অন্য একটি মামলার নম্বর জুড়ে দেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছে।

সাংবিধানিক আদালতে জমা দেওয়া হলফনামার মতো গুরুত্বপূর্ণ নথিতে তথ্য যাচাই না করে ভুয়ো রায়ের উল্লেখ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি জানান, এটি কেবল আদালতের সময় নষ্ট নয়, বরং আদালতকে বিভ্রান্ত করার সামিল। ভবিষ্যতে আইনি নথি জমা দেওয়ার আগে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য অ্যাডভোকেট জেনারেলের দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, ওই পুলিশকর্মীর বরখাস্তের নির্দেশ বাতিল করে তাঁকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে রাজ্য সরকার চাইলে নিয়ম মেনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে পারবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *