বাংলাদেশের কালিয়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ঘরছাড়া বহু পরিবার

বাংলাদেশের কালিয়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ঘরছাড়া বহু পরিবার

বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া পৌরসভার বেন্দার চর গ্রামে ভয়াবহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের ৫০টিরও বেশি বসতবাড়ি এবং বারদিয়া বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে সংখ্যালঘু হিন্দু পরিবার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর রয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু পরিবার ঘরছাড়া হয়ে পড়েছেন।

দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টে নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও রাস্তায় গাছ ফেলে অবরোধ করে রাখায় তাদের পৌঁছাতে দেরি হয়। কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের আধিকারিক হুমায়ুন কবীর জানিয়েছেন, অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টিরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ জিনাতুল ইসলাম জানিয়েছেন, ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়িও রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় বেন্দার চর এলাকায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় গুরুতর আহত হয়ে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লা নামে দুই বিএনপি নেতার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, সেই ঘটনার জেরেই শুক্রবার বিকেলে এই পাল্টা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নড়াইলের পুলিশ সুপার মহম্মদ আল মামুন সিকদার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *