পর্যটকের ছদ্মবেশে উত্তরবঙ্গে নজরদারি, চ্যাংরাবান্ধায় ধৃত বাংলাদেশি যুবক

পর্যটকের ছদ্মবেশে উত্তরবঙ্গে নজরদারি, চ্যাংরাবান্ধায় ধৃত বাংলাদেশি যুবক

কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক অভিবাসন পরীক্ষা কেন্দ্র থেকে মহম্মদ সেলিম নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। ৩০ বছর বয়সী ওই যুবক বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পর্যটক ভিসায় বৈধ পথে ভারতে প্রবেশ করলেও তার গতিবিধি সন্দেহজনক ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে নিজের দেশে ফেরার পথে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, ধৃত যুবকের কাছ থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক আধিকারিকের নামে একটি ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে। কার্ডে ‘আনিল আসগর কালহোরো’ নামের ওই ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, পর্যটনের আড়ালে সে বাগডোগরা বিমানঘাঁটি এবং হাসিমারা বায়ুসেনা ঘাঁটির মতো স্পর্শকাতর সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। উত্তরবঙ্গের ভৌগোলিক গুরুত্বের কারণে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে নিরাপত্তা মহল।

ধৃতের সঙ্গে কোনো আন্তর্জাতিক গুপ্তচরচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতে প্রবেশের প্রকৃত উদ্দেশ্য এবং কোনো সংবেদনশীল তথ্য সীমান্তের ওপারে পাচার হয়েছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত চলছে। বিষয়টির গুরুত্ব বিচার করে এনআইএ এবং আইবি-র শীর্ষ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানা গিয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ধৃতের সঙ্গে ওই ভিজিটিং কার্ডের ব্যক্তির যোগসূত্র এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *