গাছ নষ্ট হওয়ায় ফের চারা রোপণ করল আলিপুরদুয়ারের পড়ুয়ারা

গাছ নষ্ট হওয়ায় ফের চারা রোপণ করল আলিপুরদুয়ারের পড়ুয়ারা

আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভিবি-জি রামজি প্রকল্পে পলাশবাড়ির শিলবাড়িহাট হাইস্কুলের মাঠে প্রায় ২৭ হাজার টাকা ব্যয়ে ১০০টি গাছের চারা লাগানো হয়েছিল। পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকায় গোরু ও ছাগলের আক্রমণে সেই চারাগাছগুলি নষ্ট হয়ে যায়। স্কুল খোলার পর ক্ষতিগ্রস্ত বাগান দেখে পড়ুয়ারা হতাশ হলেও দমে যায়নি।

স্কুল খোলার পর দিয়া, পিয়ালি ও সায়নের মতো পড়ুয়ারা শিক্ষকদের কাছে নতুন করে গাছ লাগানোর আবদার জানায়। খুদে পড়ুয়াদের এই উৎসাহে সাড়া দিয়ে শিক্ষকরা নতুন চারাগাছের ব্যবস্থা করেন। এরপর পড়ুয়ারাই নিজের হাতে সেই চারাগুলি রোপণ করে। গাছগুলি যাতে আর নষ্ট না হয়, তার জন্য নিজেরাই নজরদারি চালানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা।

স্কুলের প্রধান শিক্ষক পীযূষকুমার রায় জানান, পড়ুয়াদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গাছগুলি সুরক্ষিত রাখতে এবার চারপাশ দিয়ে মজবুত তারজালির বেড়া দেওয়া হবে। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপর্ণা বর্মনও পড়ুয়াদের এই পরিবেশ সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন। সবুজ ধ্বংসের খবরের ভিড়ে প্রত্যন্ত এলাকার এই পড়ুয়াদের কাজ এক নতুন আশার আলো দেখাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *