পাঞ্জাবে নাড়া পোড়ানোর ধোঁয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাইক আরোহী মহিলার মৃত্যু

পাঞ্জাবের দোরাহার জয়পুরা গ্রামে ফসলের নাড়া পোড়ানোর ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাস্তার ধারের জমিতে কৃষক গুরদীপ সিং ফসলের অবশিষ্টাংশ পোড়াচ্ছিলেন। ঘন ধোঁয়ায় রাস্তা ঢেকে যাওয়ায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি বাইককে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় বাইক আরোহীরা ছিটকে গিয়ে জ্বলন্ত নাড়া পোড়ানোর আগুনের মধ্যে পড়ে যান।
দুর্ঘটনায় শাহপুরার বাসিন্দা ৫৫ বছর বয়সী মনজিত কৌর ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তাঁর স্বামীসহ যশপাল সিং ও সুরিন্দর সিং নামে আরও তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মনজিত কৌরের স্বামী দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজনকে দোরাহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকের পেট্রল ট্যাঙ্ক থেকে জ্বালানি ছড়িয়ে পড়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর গাড়ির চালক স্থানীয় একটি গুরুদ্বারে গিয়ে ঘটনার কথা জানান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কৃষক গুরদীপ সিংয়ের খোঁজে তল্লাশি চলছে। ডেপুটি সুপার হরমনপ্রীত সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নাড়া পোড়ানোর প্রবণতা যে কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনা তা আবারও সামনে নিয়ে এল।