অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এনজেপি স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল শিলিগুড়ি জিআরপি। ধৃত মহিলার নাম ওদেরা আক্তার, যার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লী এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠে হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিলেন। এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছালে পুলিশ তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তিনি কেন ভারতে এসেছিলেন এবং হায়দরাবাদ যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়েও পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় রেলপথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।