ডিসিআর দুর্নীতি মামলায় টুলু মণ্ডলকে তলব বীরভূম পুলিশের

ডুপ্লিকেট কার্বন রিসিট বা ডিসিআর সংক্রান্ত দুর্নীতি মামলায় বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল বীরভূম জেলা পুলিশ। শনিবার দুপুর ১২টার মধ্যে তাঁকে সিউড়ি থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া মেনেই এই নোটিস দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ে হাজিরা না দিলে বা তদন্তে সহযোগিতা না করলে বিষয়টি আদালতকে জানানো হবে।
পুলিশ সূত্রে খবর, এই মামলায় ধৃত অন্যান্য অভিযুক্তদের সঙ্গে টুলু মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। অভিযুক্তদের বয়ানের সঙ্গে টুলুর বয়ান মিলিয়ে দেখে কোনো অসঙ্গতি বা নতুন তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখাই এই জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য। এর আগে বিদেশে থাকাকালীনই টুলু মণ্ডলকে মূল অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছিল বীরভূম পুলিশ।
উল্লেখ্য, রাজস্ব তছরুপ ও ভুয়ো রসিদ তৈরির অভিযোগে টুলু মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়ে তিনি দেশে ফিরেছেন। এদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি অর্থ উদ্ধার সংক্রান্ত মামলার তদন্তে শুক্রবার সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। এছাড়া নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন টুলু মণ্ডল, যার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর ধার্য হয়েছে।