সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে ২০০৯ সালের স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ করার জন্য রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজে সাম্প্রতিক হামলার ঘটনার পর এই নির্দেশিকা জারি করা হলেও, সরকারি নথিতে কোথাও ওই ঘটনার উল্লেখ করা হয়নি। স্বাস্থ্য দফতরের দাবি, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। তবে এই নির্দেশিকা নিয়ে সরব হয়েছেন চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিরা।
মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক নেতা অনিকেত মাহাতো এই নির্দেশিকার সমালোচনা করে জানান, কেবল নির্দেশিকা জারি করে চিকিৎসকদের ওপর হামলা আটকানো সম্ভব নয়। তাঁর মতে, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করাই এখন জরুরি। অন্যদিকে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও, গত ছয় মাসে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘটে যাওয়া হামলার ঘটনাগুলিতেও এই আইনের যথাযথ প্রয়োগ দেখতে চান তাঁরা।