দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে সময়সূচির পরিবর্তন, জেনে নিন নতুন সময়

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ম্যাজেন্টা লাইনের মেট্রো পরিষেবার সময়সূচিতে সাময়িক পরিবর্তনের ঘোষণা করেছে। দীপালি চক এবং মজলিস পার্কের মধ্যে চলাচলকারী মেট্রোর ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে। আগামী ২১ নভেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
নতুন সময়সূচী অনুযায়ী, বর্তমানে যে মেট্রো পরিষেবা সকাল ৬টায় শুরু হয়, তা ২১ নভেম্বর থেকে সকাল ৭টায় শুরু হবে। এছাড়া রাতের শেষ মেট্রো পরিষেবা রাত ১১টার পরিবর্তে রাত ১০টায় পাওয়া যাবে। কৃষ্ণ পার্ক এক্সটেনশন থেকে দীপালি চক পর্যন্ত ম্যাজেন্টা লাইনের সম্প্রসারিত অংশে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলছে। এই কারিগরি কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই পরিচালন সময়সূচিতে এই সাময়িক রদবদল আনা হয়েছে।
কর্তৃপক্ষের অনুমান, এই কাজ শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের নতুন সময়সূচী মাথায় রেখে আগেভাগে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে DMRC। সংশোধিত সময় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতেও প্রদর্শন করা হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে পরিষেবা ফের আগের স্বাভাবিক নিয়মে ফিরে আসবে বলে জানানো হয়েছে এবং এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।