শুভেন্দু-দিলীপ-সুকান্তর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জিরো এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শুভেন্দু-দিলীপ-সুকান্তর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জিরো এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার পর পাল্টা পদক্ষেপ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী অর্ক নাগ জানিয়েছেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ-ছয় বছরে এই বিজেপি নেতারা বিভিন্ন সময়ে পুলিশকে উদ্দেশ্য করে নানা হুমকি ও মন্তব্য করেছেন। সেই বিষয়গুলিতে কেন এতদিন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেকের আইনজীবী।

আইনজীবী অর্ক নাগের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পুলিশ যে তৎপরতা দেখিয়েছে, এই জিরো এফআইআর-এর ক্ষেত্রেও যেন একই রকম তদন্ত করা হয়। এদিকে, শুক্রবার অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে গিরিশ পার্ক থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মুখোমুখি অবস্থানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে স্লোগান-পালটা স্লোগান শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।

এই বিশৃঙ্খলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন, থানা চত্বরে বিজেপি কর্মীরা তৃণমূলের নেতাকর্মীদের তাড়া করেছে এবং মহিলা কর্মীদেরও রেহাই দেয়নি। কুণাল ঘোষের অভিযোগ, এই পুরো ঘটনাটি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *