রাজারহাটে ৫ কোটি টাকা উদ্ধার কাণ্ড: ভবানীভবনে তলব বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলকে

রাজারহাটে পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ফের তৎপরতা শুরু করল রাজ্য পুলিশ। এই মামলার তদন্তের সূত্র ধরে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার সিউড়ির সুভাষপল্লিতে তাঁর বাড়িতে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের ভিত্তিতেই এদিন ভবানীভবনে হাজিরা দেন ওই ব্যবসায়ী।
উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর রাজারহাটে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্তে শুরু থেকেই টুলু মণ্ডলের নাম উঠে এসেছিল। তদন্তকারীদের দাবি, রাজারহাটের ওই টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র থাকতে পারে। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেলেন না টুলু মণ্ডল। তাঁর আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সংশ্লিষ্ট সব মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ফলে আপাতত আইনি জটিলতার মধ্যেই থাকতে হচ্ছে এই ব্যবসায়ীকে।