প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। পৌড়ির এসএসপি সর্বেশ কুমার এবং জেলা তথ্য আধিকারিক যোগেশ পোখরিয়াল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ভাই মহেন্দ্র জানিয়েছেন, সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সাবিত্রী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই পৌড়ির পঞ্চুর গ্রামের পৈতৃক বাড়িতে বসবাস করছিলেন।
যোগী আদিত্যনাথ সাত ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তাঁর প্রয়াত বাবা আনন্দ সিং বিস্ত বন দপ্তরের ফরেস্ট রেঞ্জার ছিলেন, যিনি ২০২০ সালের ২০ এপ্রিল মারা যান। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে সে সময় বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেননি যোগী আদিত্যনাথ। তবে সময় পেলেই তিনি গ্রামে গিয়ে মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিতেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি শেষবার মায়ের সঙ্গে দেখা করেছিলেন।
সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সামাজিক মাধ্যমে তিনি এই সংবাদকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মায়ের স্নেহ ও মমতা জীবনের অমূল্য সম্পদ এবং তাঁর চলে যাওয়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী দেবীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই পঞ্চুর গ্রামে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমতে শুরু করেছে। শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।