কোচবিহারে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার দমকলের দুই আধিকারিক

কোচবিহারে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার দমকলের দুই আধিকারিক

কোচবিহারে ফায়ার লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে দমকল বিভাগের দুই আধিকারিককে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা। ধৃতদের মধ্যে রয়েছেন ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাস এবং অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর বিজন মণ্ডল। একটি বার কাম রেস্তরাঁর মালিকের অভিযোগের ভিত্তিতে শুক্রবার এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযোগ, ওই রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক থাকা সত্ত্বেও ফায়ার লাইসেন্স দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার। মালিকপক্ষ বিষয়টি দুর্নীতি দমন শাখাকে জানালে তাদের পরামর্শ অনুযায়ী কিস্তিতে টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ১৫ হাজার টাকা ঘুষের প্রথম কিস্তি নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বিজন মণ্ডল।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘুষের টাকা নেওয়ার সময় বিশেষ রাসায়নিকের ব্যবহার করা হয়েছিল, যা হাত ধোয়ার পর স্পষ্ট হয়ে যায়। এই লেনদেনের সঙ্গে ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাসের সরাসরি যোগ থাকার প্রমাণ মেলায় তাঁকেও গ্রেফতার করা হয়েছে। সরকারি দপ্তরে এই ধরনের দুর্নীতি ও ঘুষ নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *