মণিপুরে বিষাক্ত মদের বলি ১০, হাসপাতালে ভর্তি ১২৫ জন

মণিপুরে বিষাক্ত মদ্যপানের জেরে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। বৃহস্পতিবার এক জনের মৃত্যুর পর শুক্রবার নতুন করে আরও চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষাক্ত মদ্যপানের প্রভাবে অসুস্থ হয়ে পড়া প্রায় ১২৫ জনকে ইম্ফলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থদের মধ্যে অনেকেই শিজা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে রোগীর চাপ অত্যধিক বেড়ে যাওয়ায় অনেককে রিমস (RIMS) এবং জেএনআইএমএস (JNIMS)-সহ অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসা পরিষেবা সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
পুলিশের প্রাথমিক অনুমান, ভেজাল মদ পানের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে ঠিক কী উপাদানে এই বিষক্রিয়া হয়েছে এবং ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত ও অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।