কলকাতা হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের, এফআইআর খারিজের মামলায় মিলল না দ্রুত শুনানি

কলকাতা হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের, এফআইআর খারিজের মামলায় মিলল না দ্রুত শুনানি

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের দায়ের করা এফআইআর খারিজের মামলায় বড় ধাক্কা খেলেন তিনি। কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন টুলু মণ্ডল, তবে আদালত তা গ্রহণ করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরে আসা টুলু মণ্ডলকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছে। এই রক্ষাকবচ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।

মামলার শুনানির সময় টুলু মণ্ডলের আইনজীবী কিশোর দত্ত জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশের বিষয়ে রাজ্য সরকার বিস্তারিত কোনো তথ্য দেয়নি। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র অনুপস্থিত থাকায় এই মুহূর্তে শুনানি সম্ভব নয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানান, বর্তমান পরিস্থিতিতে দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

একইসঙ্গে টুলু মণ্ডলের বিরুদ্ধে থাকা লুক আউট নোটিশ সংক্রান্ত অন্য একটি মামলায় বিচারপতি কৃষ্ণা রাও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনো লুক আউট নোটিশ জারি করা থাকলে তা পরবর্তী শুনানির দিন আদালতকে জানাতে হবে। টুলু মণ্ডলের দাবি, এফআইআর দায়েরের সময় তিনি দেশে ছিলেন না। এই মামলারও পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *