কসবায় চুরির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলান্টিয়ার

কসবায় চুরির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলান্টিয়ার

কলকাতা পুলিশের এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে চুরির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। কসবা থানা এলাকার একটি অভিজাত আবাসনে চুরির ঘটনার তদন্তে নেমে গোয়েন্দা বিভাগ এই সাফল্য পেয়েছে। ওই আবাসনে লক্ষাধিক টাকার সোনার গয়না এবং প্রায় ২ লক্ষ টাকা নগদ চুরির অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, চুরির পর অভিযুক্তরা একটি মোটরবাইকে চেপে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে।

সিসিটিভি ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ট্র্যাক করে পুলিশ নিশ্চিত হয় যে, বাইকটি চালাচ্ছিলেন কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে কর্মরত ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। এরপর তাঁর ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাজের ফাঁকে ওই মহিলা সিভিক তাঁর বন্ধুদের সঙ্গে মোটরবাইকে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন এলাকায় খালি বাড়ি চিহ্নিত করে নজরদারি চালাতেন।

পুলিশের অনুমান, খালি বাড়িগুলিকে টার্গেট করে চুরির ছক কষতেন ওই মহিলা। এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে পেশাদার চোরদের কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *