কলকাতার খিদিরপুর বন্দরে নোঙর করল ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস সুমেধা

কলকাতার খিদিরপুর বন্দরে নোঙর করল ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস সুমেধা

ভারতীয় নৌবাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ‘আইএনএস সুমেধা’ কলকাতার খিদিরপুর বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার থেকে খিদিরপুরের ৩ নম্বর ডকে নোঙর করা এই রণতরীটি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২২ ও ২৩ নভেম্বর সাধারণ নাগরিকরা এই যুদ্ধজাহাজটি দেখার সুযোগ পাবেন। এর মাধ্যমে নৌবাহিনী কীভাবে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করে, তা কাছ থেকে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

গোয়া শিপইয়ার্ডে নির্মিত এই রণতরীটি ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু করে আফ্রিকার উপকূল, পশ্চিম এশিয়া এবং ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর উপস্থিতির প্রতীক। সমুদ্রপথে কূটনীতির বার্তা বহন করার পাশাপাশি জলদস্যু দমন এবং আন্তর্জাতিক নৌ-মহড়ায় নিয়মিত অংশ নেয় এই জাহাজ। বিভিন্ন বিদেশি বন্দরে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতেও এর ভূমিকা অনস্বীকার্য।

উল্লেখ্য, ২০২৩ সালে সুদানে গৃহযুদ্ধ চলাকালীন আটকে পড়া নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন কাবেরী’ মিশন চালানো হয়েছিল। সেই সময় ভারতীয় নৌবাহিনীর যে তিনটি রণতরী এই উদ্ধারকাজে অংশ নিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল আইএনএস সুমেধা। সেই অভিযানে ৩,৯৬১ জন ভারতীয়সহ মোট ৪,০৯৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। সেই ঐতিহাসিক অভিযানের স্মৃতি বহনকারী এই রণতরীটি এখন কলকাতার বন্দরে উপস্থিত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *