কেরলের দুই স্টেশনে চালু হচ্ছে স্লিপিং পড পরিষেবা, মিলবে ৯৯ টাকায় এসি রুম

কেরলের আলুভা এবং এরনাকুলম জংশন স্টেশনে এবার যাত্রীদের জন্য চালু হতে চলেছে আধুনিক স্লিপিং পড পরিষেবা। তিরুবনন্তপুরম রেল ডিভিশনের অধীনে এই প্রথমবার এমন সুবিধা নিয়ে আসছে দক্ষিণ রেল। দীর্ঘ সময় ট্রেন লেট বা মাঝরাতে ট্রেন ধরার অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য এই পরিষেবা অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করবে।
আলুভা স্টেশনে কেএসআরটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গায় দোতলা ভবন তৈরি করা হবে। এর জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে রেল। অন্যদিকে, এরনাকুলম জংশনে মেইন প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে থাকা বর্তমান এসি ওয়েটিং রুমের ওপরের তলায় এই লাউঞ্জটি তৈরি করা হবে। বেসরকারি সংস্থার মাধ্যমে ১০ বছরের লিজে এই পরিষেবা পরিচালিত হবে।
যাত্রীরা ঘণ্টা হিসেবে এই পড ভাড়া নিতে পারবেন, যার প্রাথমিক ভাড়া শুরু হচ্ছে প্রতি ঘণ্টায় ৯৯ টাকা থেকে। প্রতিটি প্রাইভেট কেবিনে রিক্লাইনিং বেড, ব্যক্তিগত এসি কন্ট্রোল, লকিং সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট, রিডিং লাইট এবং হাই-স্পিড ওয়াই-ফাইয়ের সুবিধা থাকবে। একা ভ্রমণকারী এবং দীর্ঘ লে-ওভার থাকা যাত্রীদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।