বিগ বস: টিকিট টু ফিনালে জিতেও তা ফিরিয়ে দিতে চাইলেন জিতু, নেপথ্যে কী কারণ?

বিগ বসের সাম্প্রতিক টাস্কে প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার লড়াইয়ে জিতু ও সৌরভের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। টাস্ক চলাকালীন ঘরের অন্যান্য সদস্যরাও নানা কৌশলে তাঁদের নাজেহাল করার চেষ্টা করেন। এক পর্যায়ে সৌরভ যখন রিকশায় ছিলেন, তখন জিতু তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এই ঘটনায় সৌরভ চোট পান এবং তাঁর শরীরের কিছু অংশ কেটে যায়। টাস্কের আগে জিতু সৌরভকে কথা দিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় হেরে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের জেদ বজায় রেখে সৌরভকে হারিয়ে টিকিট টু ফিনালে জিতে নেন।
জিতুর এই আচরণে ঘরের অন্যান্য সদস্যরা তীব্র সমালোচনা ও কটাক্ষ শুরু করেন। যদিও বিগ বস জিতুকে বিজয়ী ঘোষণা করেন এবং সৌরভের লড়াকু মনোভাবের প্রশংসা করেন। জিতু পুরস্কার হিসেবে একটি হ্যাম্পারও লাভ করেন। কিন্তু টাস্কের নাটকীয়তা এখানেই শেষ হয়নি। গভীর রাতে জিতু কনফেশন রুমে গিয়ে বিগ বসের কাছে তাঁর জেতা টিকিট টু ফিনালে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
জিতু জানান, তিনি এভাবে ফাইনালে যেতে চান না। তিনি আগামী দুই সপ্তাহ লড়াই করেই ফাইনালে পৌঁছাতে আগ্রহী। প্রয়োজনে শনিবার ‘দাদার দরবারে’ গিয়েও তিনি এই টিকিট ফিরিয়ে দিতে রাজি বলে জানান। জিতুর এই আচমকা সিদ্ধান্তের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। টাস্কে জেতার পরেও কেন তিনি এমন অস্বস্তি বোধ করছেন এবং বিগ বস তাঁর এই অনুরোধে কী সিদ্ধান্ত নেন, তা জানতে দর্শকদের আগামী পর্বের অপেক্ষায় থাকতে হবে।